চট্টগ্রামে আয়কর মেলায় আদায় ৩৮৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে আয়কর মেলার পাঁচ দিনে ২৭ হাজার ২৪১টি রিটার্নে আদায় হয়েছে ৩৮৫ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪৪৯ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ১ হাজার ২০১ জন।
আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক মো. মাহমুদুর রহমান জানান, গতকাল মেলার পঞ্চম দিনে নতুন করে ৭ হাজার ৪৮১টি রিটার্নে আদায় হয়েছে ১০৫ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার ২১৭ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৫৮ জন। কর সেবা নিয়েছেন ৫৬ হাজার ২৩৬ জন। মেলার প্রথম চারদিনে ২৮০ কোটি ২৪ লাখ ২৩২ টাকা আদায় হয়, যার মধ্যে ১৯ হাজার ৭৬০টি রিটার্নের বিপরীতে এ কর আদায় হয়েছিল। নতুন ই-টিআইএন নিয়েছিলেন ৯৪৩ জন। কর সেবা নিয়েছিলেন ১ লাখ ৫৭ হাজার ১৬০ জন।
তিনি জানান, গতকাল চট্টগ্রামের চারটি কর অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট ও জরিপ রেঞ্জ মিলে ৬ হাজার ৪৭০টি রিটার্নে আয়কর আদায় হয়েছে ১০৫ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৫৬ টাকা। এছাড়া খাগড়াছড়িতে ১৩৯টি রিটার্নে ২ লাখ ১৫ হাজার ২৬৮ টাকা, কক্সবাজারে ৩৯১টি রিটার্নে ১৩ লাখ ৩১ হাজার ৫১ টাকা, বান্দরবানে ৮৭টি রিটার্নে ১ লাখ ২১ হাজার ২৫৯ টাকা, রাঙামাটিতে ১৯৯টি রিটার্নে ১ লাখ ৯৫ হাজার ৫৬৪ টাকা আদায় হয়েছে। পটিয়া উপজেলায় ৯২টি রিটার্নে ৩ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, মিরসরাইতে ১০৩টি রিটার্নে ৩ লাখ ১৫ হাজার ৭৮৭ টাকা আদায় হয়েছে।