৩০ দিন ডেস্ক :
এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৭ মার্চ) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্তের বিষয়ে আজ আদেশ জারি হবে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এর আগে গত ২৫ মার্চ অনুষ্ঠিত পাবলিক পরীক্ষা সংক্রান্ত জাতীয় তদারক কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তগুলো আজ আদেশ আকারে জারি করা হবে। সিদ্ধান্তের মধ্যে আরও রয়েছে পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ রাখা, কেন্দ্রসচিব ছাড়া আর কেউ মোবাইল ফোন কেন্দ্রে নিতে পারবেন না। এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত।












