অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
দেশের ১৭টি উপজেলায় ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত একটি প্রকল্পের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা জানান, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে এ আয়োজন যথার্থ হবে। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রাথমিক স্তরে গণিত বিষয়ে ভীতি অনেক বেশি দেখা যায়। গণিত অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে এ থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীদের গণিতের ওপর পারদর্শী করে গড়ে তুলতে হবে।
শিক্ষাবিদ ও বিজ্ঞান লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, আমাদের শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি বিষয়ে এক ধরনের ভীতি কাজ করে। এটি কাটিয়ে তুলতে হবে। আশা করি, এ অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতে পারদর্শী করা সম্ভব হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১৭টি জেলার ১৭ উপজেলার ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাইলট প্রকল্পের আওতায় গণিত অলিম্পিয়াডের আওতাভুক্ত করা হবে। দেশ-বিদেশে গণিত শিক্ষার প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাইলট প্রকল্প সফল হলে দেশের প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে এর আওতায় আনা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব ড. এএফএম মনজুর কাদির, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, পিটিআইয়ের প্রশিক্ষকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












