ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান

নিজস্ব প্রতিবেদক
‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ প্রকল্পের আওতায় দেড় হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ উপহার দিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে গতকাল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম, উপউপাচার্য অধ্যাপক ড. এসএম মাহাবুবুল হক মজুমদার প্রমুখ। একাডেমিক ও শিক্ষা কার্যক্রমে ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হামিদুল হক খান।
অনুষ্ঠানে ফজলে নূর তাপস বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে দেশকে দক্ষ মানবসম্পদ উপহার দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, বেকারমুক্ত দেশ গড়া একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, এ ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের জন্য দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানে জানানো হয়, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সহায়তায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ২০১০ সালের সামার সেমিস্টার থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২৩ হাজার ৫০০ ল্যাপটপ বিতরণ করা হয়েছে।