অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সাদার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারে যুক্ত হলো ক্যারিয়ার ক্লাব। সম্প্রতি ইউনিভার্সিটির হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু এ ক্লাবের। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উন্নয়নে সচেতন করবে এ ক্লাবটি। একই সঙ্গে মানসম্পন্ন শিক্ষা গ্রহণে আগ্রহী ও দক্ষতা অর্জনে কাউন্সেলিং করা হবে। এছাড়া সেমিনার ও ফিল্ডওয়ার্কসহ বিভিন্ন ধরনের মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করবে ক্যারিয়ার ক্লাব।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর রিজোয়ান রাজনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, বিলস লেবার রিসোর্স অ্যান্ড সাপোর্ট সেন্টারের প্যারা কোঅর্ডিনেটর রিজওয়ান রহমান ও বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা।
জহির উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মানসিকতা সব সময় ইতিবাচক হওয়া উচিত। জীবনে সফল হতে হলে কখনও কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। নিজের ওপর অর্পিত দায়িত্বকে আনন্দের সঙ্গে উপভোগ করতে হবে। ক্যারিয়ারের উন্নয়নে ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস মূল স্তম্ভ। কোনো নেতিবাচক কর্মকাণ্ডে আসক্ত না হয়ে যুক্তি ও দর্শন দিয়ে ভালোকে বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, নিজেকে কখনও গণ্ডিবদ্ধ বিষয়ে সীমাবদ্ধ না রেখে বরং বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করতে হবে। বই, সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে সাধারণ জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। দার্শনিকের মতো বড় চিন্তা করতে হবে। কারণ দার্শনিক মতবাদই পারে সমাজকে বদলে দিতে। নতুন পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে, যা আগে কেউ করেনি। বিশ্বকে তাক লাগিয়ে দিতে হবে।
সাদার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের অংশ হিসেবে ক্যারিয়ার ক্লাব গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন বিভিন্ন বিভাগের ৯ শিক্ষার্থী। বর্তমানে ৫০ শিক্ষার্থী সাদার্ন ক্যারিয়ার ক্লাবের সদস্য।












