তিন হাজার তরুণকে প্রশিক্ষণ দেবে হাইটেক পার্ক কর্তৃপক্ষ

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের (আইসিটি) ৪১টি বিষয়ের ওপর তিন হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ার টেকনোলজি পার্কে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের (অন্যান্য হাইটেক পার্ক) উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার অধীনে প্রায় তিন হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এ প্রকল্পটি। দেশের তরুণ প্রজš§কে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া ছাড়াও প্রশিক্ষণ সুবিধা সৃষ্টির জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে মূলত সফটওয়্যার শিল্পের সঙ্গে সম্পর্কিত লোকবলকে প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মশালায় কালিয়াকৈর হাইটেক পার্কের উন্নয়ন প্রকল্পের পরিচালক এএনএম সফিকুল ইসলাম (যুগ্ম সচিব) বলেন, আমাদের প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য হলো শিল্পপ্রতিষ্ঠানের জনবলের সক্ষমতা বৃদ্ধি করা। এ জন্য আমরা আইটি/আইটিইএস সেক্টরের চাহিদার ভিত্তিতে ৪১টি বিষয়ের প্রশিক্ষণ কোর্স কারিকুলাম নির্ধারণ করেছি।
উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্ণধার, স্টার্ট-আপ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের পরিচালক গোরীশংকর ভট্টাচার্য্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের যুগ্ম সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, হাইটেক পার্ক সিলেট (সিলেট ইলেক্ট্রনিক সিটি) প্রকল্পের পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া প্রমুখ।